দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে শনিবার (৩ অক্টোবর) দেওয়া হয়েছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। এ বছর ১৬টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন উদ্যোগকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়েছে।
দেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল পর্যটনের প্রসার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা আড়াইটায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
যাঁরা পাচ্ছেন পুরস্কার
বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। চার তারকা হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি। বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর নির্বাচিত হয়েছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড। আর বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে পুরস্কার পেয়েছে শেয়ারট্রিপ লিমিটেড।
বর্ষসেরা বিনোদন পার্ক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান। বর্ষসেরা হোমস্টে পুরস্কার পেয়েছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। আর বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)।
বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বিডি টিকেটস। বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ। বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল হিসেবে পুরস্কার পেয়েছে এমভি মালঙ্গী। বর্ষসেরা ট্যুর গাইড নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান। এ ছাড়া বর্ষসেরা মাইস উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা পুরস্কার পেয়েছে মো. নাঈম উল ইসলাম।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দেশের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং এ খাতে উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেওয়া হয়েছে।
কালের আলো/এসএ

ভ্রমণ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৪:৩৮ অপরাহ্ণ