দুর্গাপূজায় কে কতদিন ছুটি পাচ্ছে

শিক্ষা ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৪:৫১ অপরাহ্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে বড় পার্থক্য থাকছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও বেড়েছে। এবার দুর্গাপূজায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি থাকছে।

স্কুলে ১০ দিনের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে সেটিও যুক্ত হচ্ছে। ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে ছুটি শুরু হবে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে ১০ দিনের ছুটি পাবেন। অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।

কলেজে ছুটি ১৪ দিন

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।

মাদ্রাসায় ছুটি ৫ দিন

অন্যদিকে, মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

ফলে এবারের দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটির মেয়াদে স্পষ্ট পার্থক্য থাকছে। কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৪ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিন এবং মাদ্রাসায় পাঁচ দিনের ছুটি থাকবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন