কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ

কলকাতায় বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশটির বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান। কর্মসূচিতে তাদের সঙ্গে যোগ দেয় ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)।

শনিবার (৩ অক্টোবর) সকালে শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে মিছিল বের করেন দুই সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকদের দাবি অনুযায়ী, মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হওয়ার সময় কলকাতা পুলিশ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মিছিলটি বাংলাদেশ মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে যেতে বাধা দেয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে প্রবেশ করে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিয়ে বাইরে বেরিয়ে আসার পরও বেশ কিছু সময় বাংলাদেশ মিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান। তাদের কর্মসূচিকে ঘিরে মিশন সংলগ্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দল ছাড়ার পর এনসিপিআই নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। দলটি বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত। শনিবারের কর্মসূচিতে দলটির একাংশ অংশ নেয়।

দুই সংগঠনের যৌথ কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশন সংলগ্ন এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত স্মারকলিপি জমা দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন