দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ১৩২ এবং রংপুরে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুযায়ী, একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৪ হাজার ৩৬৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
এদিকে গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ