আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, আখতারুজ্জামান জামায়াতের নেতা নন; তিনি দলের সহযোগী বা প্রাথমিক সদস্য।

জামায়াতে সদস্য হওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরবর্তী সময়ে নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। সে হিসেবে আখতারুজ্জামান বর্তমানে শুধু একজন সাধারণ সদস্য।

গণমাধ্যমে জামায়াতের নেতাদের বক্তব্য প্রকাশ না করার অভিযোগও করেন এটিএম আজহার। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করা সম্ভব—এমন কোনো বক্তব্য বা তথ্য সামনে এলে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে জামায়াতের নেতা হিসেবে উপস্থাপন করা হয়।

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কী অপরাধ ছিল, তা তদন্তের আগেই মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এটিএম আজহার অভিযোগ করেন, সমস্যা সমাধানের পরিবর্তে সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। আইনের আশ্রয় নেওয়ার কথা বলে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জেল-জুলুম দিয়ে বিরোধী দলকে দমন করা যাবে বলে কেউ মনে করলে তারা ভুল করছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

মামলাটির বাদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। পরে শনিবার আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন