আর্জেন্টিনার জার্সিতে শেষবার মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৫:৫৫ অপরাহ্ণ

দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই মহাতারকা। মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি বুধবার (৭ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার হয়ে এটিই মেসির শেষ ম্যাচ। আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এই ম্যাচকে মেসির প্রাপ্য বিদায় হিসেবে বর্ণনা করেছেন।

শেষবারের মতো আর্মব্যান্ড হাতে

৩৯ বছর বয়সী মেসি শেষবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলন কেন্দ্রে তার পৌঁছানোর ছবি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামেই শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও এই বিশেষ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সাক্ষী হতে মাঠে থাকবেন আর্জেন্টিনার পুরোনো ও নতুন প্রজন্মের ফুটবলাররাও।

আর্জেন্টিনার হয়ে মেসির রেকর্ড

আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনের তালিকা দীর্ঘ। তার নেতৃত্বে দলটি জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপ।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও মেসির দখলে। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে তার ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।

একসময় জাতীয় দলের জার্সিতে মেসির পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও সময়ের সঙ্গে বদলে যায় সেই চিত্র। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বড় তিনটি আন্তর্জাতিক শিরোপা এনে দিয়ে দেশের ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

‘আমার আর কিছু দেওয়ার নেই’

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। সে সময় তিনি জানান, আর্জেন্টিনার হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সময় এসেছে।

তার এই সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনার সঙ্গে মেসির দুই দশকের বেশি সময়ের সম্পর্ক।

তবে ক্লাব ফুটবলে এখনই থামছেন না মেসি। ইন্টার মায়ামির হয়ে তার খেলা অব্যাহত থাকবে। ফলে আর্জেন্টিনার জার্সিতে বিদায় নিলেও ফুটবল মাঠে মেসিকে আরও কিছুদিন দেখা যাবে।

মঙ্গলবার (৬অক্টোবর) এর বেনিন ম্যাচ তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়—আর্জেন্টিনার জার্সিতে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের শেষ পৃষ্ঠা। দেশের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ককে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় থাকবে হাজারো সমর্থক।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন