স্লো ওভার রেটে শাস্তি ভারত-ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৬:০৮ অপরাহ্ণ

অপরাধ করলে শাস্তি পেতেই হয়। নিউ চণ্ডিগড়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে সেই শাস্তিই পেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই দলের শাস্তির মাত্রা এক নয়। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ভারতের দেরি হয়েছে বেশি, তাই তাদের জরিমানাও হয়েছে বেশি।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

৪ ওভার পিছিয়ে ভারত

নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার পিছিয়ে ছিল। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল দুই ওভার। এ কারণে দুই দলের বিরুদ্ধেই স্লো ওভার রেটের অভিযোগ আনা হয়।

মাঠের আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা দুই দলের বিরুদ্ধে অভিযোগ আনেন।

পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট বিষয়টি পর্যালোচনা করে দুই দলের জন্য জরিমানার সিদ্ধান্ত জানান।

ভারতের অধিনায়ক শুবমান গিল এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ নিজেদের অপরাধ স্বীকার করে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজ অবশ্য ভারতের

স্লো ওভার রেটের শাস্তির পাশাপাশি তৃতীয় ওয়ানডেতে অবশ্য ভারতের জন্য ফল ছিল হতাশার। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৫২ রানের বড় লক্ষ্য দিয়েও ম্যাচটি ৫ উইকেটে হেরে যায় ভারত।

তবে শেষ ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হয়নি ভারতের। প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। ফলে তৃতীয় ম্যাচের পরও সিরিজের ট্রফি থাকছে ভারতের কাছেই।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন