প্রিজনভ্যান নয়, প্রাইভেটকারে পালান ‘পিচ্চি রাজা’: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৬:৩৫ অপরাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ীতে আদালত থেকে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনাটি সাজানো নাটক বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। টাকার বিনিময়ে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আগে থেকে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে তুলে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন আসামিকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। পথে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার পশ্চিমে হাজতি বন্দি পিচ্চি রাজা (৩৪) পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় পেনাল কোডের ২২৪ ধারায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার জিএমপি ডিবির দক্ষিণ বিভাগে দেওয়া হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্তে ডিবি পুলিশ বিভিন্ন সাক্ষ্য, আলামত ও তথ্য সংগ্রহ করে। এতে জানা যায়, আদালত থেকে ফেরার পথে পুরান ঢাকার তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানটি থামানো হয়। সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজা ও অপর হাজতি খাইরুল বাশারকে নামান।

পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনের অংশে রাখা হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর প্রিজনভ্যানে ওঠেননি। বরং আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। এরপর কোনাবাড়ী এলাকায় তাকে প্রিজনভ্যান থেকে পালানোর ঘটনা হিসেবে উপস্থাপন করা হয় বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

তদন্তের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার জানান, পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান চলছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন