পর্যটন, নির্মাণ, হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা
মন্টেনিগ্রোতে বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর প্রয়োজন রয়েছে। দেশটির এই শ্রমবাজারের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য মন্টেনিগ্রোকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দক্ষ কর্মী পাঠানোর সুযোগ
বৈঠকে পর্যটন, নির্মাণ, আতিথেয়তা (হসপিটালিটি) ও স্বাস্থ্যসেবা খাতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা চালু এবং শ্রম অভিবাসনসংক্রান্ত চুক্তি করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব দেয়।
বাংলাদেশের পক্ষ থেকে মন্টেনিগ্রোর শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে সুশৃঙ্খল ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করতে দুই দেশের সরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
সংসদীয় যোগাযোগ বাড়ানোর উদ্যোগ
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় কূটনীতি আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে প্রতিনিধিদলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য একটি ‘বাংলাদেশ-মন্টেনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাণিজ্য বহুমুখীকরণে গুরুত্ব
দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখী ও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে মন্টেনিগ্রো।
অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ করে কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন বা ইকো-ট্যুরিজম, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
মন্টেনিগ্রোও নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
ভিসা ও অভিবাসন নিয়েও আলোচনা
এ ছাড়া বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, কর্মসংস্থান, অভিবাসন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ও আলোচনায় উঠে আসে।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জনসম্পদভিত্তিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ১:১৬ অপরাহ্ণ