ক্যাফে-ওয়াকওয়ে-নজরুল মঞ্চে সাজবে ধানমন্ডি লেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ১:২৪ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি লেককে আধুনিক ও নান্দনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে লেকের তলদেশে জমে থাকা স্ল্যাশ উত্তোলন ও অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশাও প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে ‘ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন’ অনুষ্ঠানে এসব তথ্য জানান ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

থাকবে ক্যাফে ও আধুনিক ওয়াকওয়ে

শেখ রবিউল আলম বলেন, উন্নয়ন প্রকল্পের আওতায় ধানমন্ডি লেকে ক্যাফে, নতুন ওয়াকওয়ে এবং নাগরিকদের অবসর ও বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

একটি আধুনিক লেকে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তার সবই এখানে রাখার পরিকল্পনা রয়েছে। এতে শুধু ধানমন্ডিবাসী নয়, রাজধানীর অন্যান্য এলাকার মানুষও বিনোদনের সুযোগ পাবেন।

মন্ত্রী বলেন, ধানমন্ডি লেকের উন্নয়ন তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়ন হতে চলায় তিনি আনন্দিত। তবে উন্নয়নের পাশাপাশি লেকের পরিবেশ রক্ষায় নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরিষ্কার হবে তলদেশ, সংস্কার হবে সাইডওয়াল

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা থাকলেও কাজটি গুছিয়ে আনতে সময় লেগেছে।

প্রাথমিক পর্যায়ে লেকের তলদেশে জমে থাকা স্ল্যাশ পরিষ্কার করা হবে। এরপর পানি পরিচ্ছন্ন করার পাশাপাশি সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, গাছপালার সৌন্দর্যবর্ধন এবং উন্নত লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।

শিশুদের জন্য থাকবে স্পিডবোট

ধানমন্ডি লেকে শিশুদের বিনোদনের জন্য স্পিডবোটের ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক।

তিনি বলেন, লেকে মাছ রয়েছে এবং বর্তমানে পানি মাছ মারা যাওয়ার মতো অতটা দূষিত নয়। তবে লেকটি যেন বারবার দূষিত না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতা জরুরি।

হবে ‘নজরুল মঞ্চ’

ধানমন্ডি লেককে ঘিরে পুরো এলাকার সৌন্দর্য ও নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর অংশ হিসেবে রাস্তা, ফুটপাত ও লাইটিংসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে।

পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক মঞ্চ। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি লাইব্রেরি, ক্যাফে ও পড়াশোনার সুযোগ থাকবে।

রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেককেও ঢাকাবাসীর জন্য একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রশাসক।

আজ থেকেই শুরু উন্নয়নকাজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নকাজ মঙ্গলবার থেকেই শুরু হবে। এ কাজে ধানমন্ডিবাসী, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ধানমন্ডির পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লেকে আসেন। তাই সবার জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি
প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন