ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে দেখা দিয়েছে ঘন কুয়াশা। সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে পুরো উপজেলা ঢেকে যায় সাদা কুয়াশার চাদরে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে কিছুটা ভোগান্তি হলেও কুয়াশাচ্ছন্ন সকালে প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দোহাজারী, জোয়ারা, কাঞ্চনাবাদ, বরমা, বরকল, বৈলতলী, সাতবাড়িয়া, হাশিমপুর, ধোপাছড়ি ও চন্দনাইশ পৌরসভা এলাকার সড়ক, ফসলের মাঠ ও বাড়ির আঙিনা কুয়াশায় ঢেকে রয়েছে। ঘাসের ডগায় জমেছে শিশিরবিন্দু। চারপাশের পরিবেশ হয়ে উঠেছে নীরব ও স্নিগ্ধ।
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। ভোরে জীবিকার তাগিদে বের হওয়া রিকশাচালক, দিনমজুর, কৃষক এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও কুয়াশার মধ্যেই গন্তব্যে যেতে হয়েছে।
চন্দনাইশ পৌরসভার কৃষক বাচা মিয়া বলেন, গত কয়েক দিন ধরে ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। সোমবার কুয়াশা তুলনামূলক বেশি ছিল। আমন ধানের জন্য এ ধরনের কুয়াশা উপকারী।
শিক্ষার্থী আনোয়ার বলেন, সকালে কোচিংয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তবে কুয়াশায় ঢাকা সকাল দেখতে বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে শীত আসতে শুরু করেছে।
আবহাওয়া সংশ্লিষ্টদের মতে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার প্রবণতা দেখা দিতে পারে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও বাড়তে থাকে।
এদিকে কুয়াশাচ্ছন্ন সকালের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় তরুণরা। প্রকৃতির এমন পরিবর্তনে অনেকের মধ্যেই শীতকে ঘিরে তৈরি হয়েছে আগাম আনন্দ।
কালের আলো/এএইচ/এমএসআইপি

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৬:০৩ অপরাহ্ণ