বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারে আক্রান্তের হার বাড়ছে। তবে উদ্বেগের বিষয় হলো, তুলনামূলক কম বয়সীদের মধ্যে এই বৃদ্ধির হার আরও বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের ক্যানসার–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছে ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড। গবেষণাটি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তিন দেশে বাড়ছে অল্প বয়সে ক্যানসার
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্তত সাত ধরনের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যানসারের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে।
যুক্তরাজ্যে ২০০১ সালে ৫০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার প্রতি এক লাখে ছিল একজন। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৬ জন। একই সময়ে অন্ত্রের ক্যানসারের হার ৩ দশমিক ৯ থেকে বেড়ে ৮ দশমিক ৪ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া অল্প বয়সে শুরু হওয়া জরায়ু ও কিডনি ক্যানসারের হারও যুক্তরাজ্যে দ্বিগুণ হয়েছে।
নারীদের মধ্যেও বাড়ছে আক্রান্তের হার
যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে স্তন ক্যানসারের হারও বেড়েছে। ২০০১ সালে প্রতি এক লাখে আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৪৭ দশমিক ৫ জন।
একই সময়ে অল্প বয়সে শুরু হওয়া অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসারে আক্রান্তের হারও বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের চিত্রও উদ্বেগজনক। দেশটিতে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কিডনি ক্যানসারের হার ২০০০ সালের তুলনায় ২০২৩ সালে দ্বিগুণের বেশি হয়েছে। প্রতি এক লাখে আক্রান্তের সংখ্যা ২ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ৫ দশমিক ৩ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অল্প বয়সীদের মধ্যে অন্ত্র, জরায়ু ও অগ্ন্যাশয়ের ক্যানসারের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। স্তন ক্যানসারের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ।
নেদারল্যান্ডসেও অল্প বয়সে শুরু হওয়া অন্ত্র, কিডনি, যকৃত ও জরায়ুমুখের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কেন বাড়ছে তরুণদের ক্যানসার?
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের মতে, অল্প বয়সে ক্যানসার বাড়ার পেছনে একাধিক কারণ ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে স্থূলতার হার বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব, মদ্যপান, ধূমপান এবং বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থের সংস্পর্শ।
তবে ক্যানসারের হার বৃদ্ধির পেছনে আরেকটি বিষয়ও থাকতে পারে। রোগের উপসর্গ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ায় এখন অনেক ক্ষেত্রে ক্যানসার আগের তুলনায় দ্রুত শনাক্ত হচ্ছে। ফলে পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির একটি অংশ উন্নত শনাক্তকরণ ব্যবস্থার সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, তরুণদের মধ্যে ক্যানসারের এই পরিবর্তনশীল চিত্র রোগটির সম্ভাব্য কারণগুলো নিয়ে আরও গবেষণা এবং প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তাই তুলে ধরছে।
কালের আলো/জেএন

লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ১১:০৩ পূর্বাহ্ণ