‘ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ৯:০৮ অপরাহ্ণ

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বৈরিতা বা শত্রুতা কাম্য নয়। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী অভিন্ন নদীগুলোর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

গঙ্গা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শুধু পুরোনো চুক্তি নবায়ন না করে বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন করে পানি বণ্টন চুক্তি করতে হবে।

ফারাক্কা ব্যারাজের সমালোচনা করে নাহিদ বলেন, এর মাধ্যমে ভারত গঙ্গার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণ নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে নাহিদ বলেন, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যার পক্ষে আবরার লেখালেখি করেছিলেন। তার দেখানো জাতীয় স্বার্থের বিষয়গুলো বাস্তবায়নের সময় এখন এসেছে।

এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। আলোচনা সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন