ধান ছেড়ে মাচায় তরমুজ চাষ, ভাগ্য বদলের স্বপ্ন আতিয়ারের

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ১০:১৭ পূর্বাহ্ণ

প্রচলিত ধান চাষের বাইরে গিয়ে মাচায় অসময়ের তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার কৃষক আতিয়ার রহমান। প্রথমবার ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে খরচ বাদ দিয়েও লাভের মুখ দেখেছেন তিনি। ভালো ফলন ও বাজারদর পেয়ে আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষের পরিকল্পনা করছেন এই কৃষক।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি জমিতে মাচাজুড়ে সবুজ পাতার ফাঁকে ঝুলছে সারি সারি তরমুজ। স্থানীয় কৃষি অফিসের প্রদর্শনী প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ পদ্ধতিতে তরমুজ চাষ করেন আতিয়ার রহমান। উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল ‘বেঙ্গল টাইগার’ জাতের তরমুজ চাষ করেছেন তিনি।

কৃষক আতিয়ার রহমান জানান, বীজ বপন থেকে শুরু করে তরমুজ সংগ্রহ পর্যন্ত তার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। মাত্র ৭০ দিনের মধ্যেই তিনি ফলন পেতে শুরু করেন।

বর্তমানে প্রতি মণ তরমুজ প্রায় ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। প্রথম দফায় ১ লাখ ২৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। জমিতে এখনো প্রচুর তরমুজ রয়েছে। সব মিলিয়ে বিক্রির পরিমাণ দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন আতিয়ার।

তিনি বলেন, ধান চাষের তুলনায় তরমুজে লাভ অনেক বেশি। প্রথমবারেই ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করতে চান তিনি।

তরমুজ বিক্রি নিয়েও কোনো দুশ্চিন্তা নেই কৃষকের। জমি থেকেই পাইকাররা তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন ও বাজারজাতকরণের ঝামেলাও কমেছে।

স্থানীয় কয়েকজন যুবক জানান, আতিয়ারের তরমুজখেতে কাজ করে এলাকার কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। তার সাফল্য দেখে গ্রামের অন্য কৃষকরাও মাচায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, মাচায় তরমুজ চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের এ ধরনের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। আতিয়ারের সাফল্য দেখে অন্য কৃষকরাও আগ্রহী হলে কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন