বারবার মেরামতেও টিকছে না কুচনী সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ১০:২৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর-বুড্ডা সড়কের কুচনী সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরই মধ্যে সেতুটির মূল অংশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই ইটভাটার ট্রাক্টর, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ও পথচারী চলাচল করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮৬-৮৭ সালের দিকে নির্মিত কুচনী সেতুটির মূল অংশ গত দুই বছরে অন্তত তিনবার ভেঙে যায়। স্থানীয়ভাবে ঢালাই করে সাময়িকভাবে মেরামত করা হলেও কিছুদিন পর আবারও ভাঙন দেখা দেয়। বর্তমানে সেতুর বিভিন্ন অংশের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

গত ১৪ আগস্ট সেতুটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা সেতুটি পরিদর্শন করেন। তবে এরপর সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

কুচনী গ্রামের বাসিন্দারা জানান, সেতুর দুই পাশে থাকা বটগাছের শিকড় ও গাছের বিস্তারের কারণে এপ্রোচ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ইটভাটার ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সেতু ও সড়কের ক্ষতি আরও বাড়ছে।

কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমা রানী দেব বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে থাকা জরাজীর্ণ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। সেতুটি যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহাদ মৃধা বলেন, ঝুঁকি জেনেও মানুষ বাধ্য হয়ে ভাঙা সেতু দিয়ে চলাচল করছে। বটগাছের কারণে এপ্রোচ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেতুর পাটাতনও ভেঙে পড়ছে। পুরোনো সেতুটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটি এখন জরাজীর্ণ। কিছুদিন পরপর এর মূল অংশে ভাঙন দেখা দিচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, শাহবাজপুর-বুড্ডা সড়কের এই সেতু দিয়ে নোয়াগাঁও ও শাহবাজপুর ইউনিয়নের ৭ থেকে ৮টি গ্রামের মানুষ চলাচল করেন। পাশাপাশি শাপলা বিলের ফসলও এই সেতু দিয়ে পরিবহন করা হয়। ফলে সেতুটি দ্রুত সংস্কার করা জরুরি।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ছিবগাতউল্লাহ খন্দকার বলেন, কুচনী সেতুর নতুন করে ভাঙনের বিষয়টি জানা হয়েছে। সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন