১৭ বছরের দুর্নীতি বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করছে সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ২:০৫ অপরাহ্ণ

গত ১৭ বছরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিগত সময়ে বিদেশি সহায়তারও সঠিক ব্যবহার হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ধনী দেশগুলোও বর্তমানে তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি বিগত সময়ে পাওয়া বিদেশি সহায়তারও সঠিক ব্যবহার হয়নি। গত ১৭ বছরে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, বর্তমান সরকার তা বন্ধ করেছে। দুর্নীতি বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার।

বৈঠক শেষে ইউনিসেফের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সব মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু উজানে পানি প্রত্যাহারের কারণে নদীগুলোর পানিপ্রবাহ কমে যাচ্ছে এবং দেশের বিভিন্ন এলাকায় লবণাক্ততা বাড়ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

তিনি জানান, দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তবে পানি দূষিত ও জীবাণুযুক্ত হলে সেটিই মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। তাই দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ।

নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার প্রভাব তুলে ধরে মঈন খান বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে উত্তরের জেলাগুলোতে মরুকরণ পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে নদীপথে বঙ্গোপসাগরে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি ওপরের দিকে উঠে আসছে। এতে দক্ষিণাঞ্চলে পানীয় জলের সংকট আরও বাড়ছে।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বৈঠকে বিশ্বব্যাংক, ওয়াটারএইড ও ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অর্থায়নসহ বিভিন্ন বিষয় সমন্বয় করে একটি সমন্বিত পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন