ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১৫ অক্টোবর থেকে মিলবে চাহিদামতো টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৭:১৫ অপরাহ্ণ

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। এ সময় গভর্নর এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে অবহিত করেন। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।

এ প্রেক্ষাপটে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখার লক্ষ্যে সব আমানতকারীর চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশ দেন তিনি।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা যাতে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন