বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে এয়ারবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বার্তায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, এ চুক্তি বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
চুক্তির মাধ্যমে আঞ্চলিক বিমান চলাচলের হাব হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য এগিয়ে যাবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। একই সঙ্গে এ চুক্তির আওতায় বিমানের ফ্লাইট ক্রু, প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলের জন্য ব্যাপক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
এর ফলে বাংলাদেশে দীর্ঘমেয়াদে দক্ষ জনবল ও কারিগরি সক্ষমতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে যুক্তরাজ্য।
ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, বিমান চলাচল খাতে এ ধরনের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
১০টি উড়োজাহাজ কেনার চুক্তিকে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরে হাইকমিশন আশা প্রকাশ করেছে, বিমান চলাচল খাতে এ ধরনের অংশীদারত্ব ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ