বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সতীর্থদের ভোটে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই ফুটবলার।
বর্তমানে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে খেলছেন ফারহান। চলতি সপ্তাহে ফুলহামের অনুশীলন কেন্দ্র মটস্পার পার্কে গিয়ে তার হাতে পুরস্কার তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট।
ফুলহামের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন ফারহান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭ গোলে অবদান রাখেন তিনি। গত বছরের নভেম্বরে জেতেন মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম শেষে ক্লাবের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই তরুণ।
তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে চলতি মৌসুমে তাকে ধারে দলে নেয় বোরহামউড। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরু থেকে মাঠে নেমেছেন ফারহান। ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বোরহামউড, দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা।
ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফারহান। গত মাসে জাতীয় দলে ডাক পাওয়ার পর মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই তরুণ উইঙ্গার।
সতীর্থদের ভোটে পাওয়া জনি হেইনস ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান। ফুলহামের ওয়েবসাইটে তিনি বলেন, সতীর্থদের ভোটে এই পুরস্কার জেতা তার জন্য দারুণ আনন্দের। সতীর্থদের সমর্থন, অনুপ্রেরণা এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা তাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে বলেও জানান তিনি।
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে এমন স্বীকৃতি এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে গোল—দুই অর্জনই ফারহানের ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১:০৫ পূর্বাহ্ণ