অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে চলতি বছরের শুরুর দিকে টিউমার ধরা পড়ে। এরপর থেকে প্রায় আট মাস ধরে চলছে তার চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নিচ্ছেন তিনি। অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকলেও চলতি মাসেই কাজে ফেরার আশা করছেন এই অভিনেত্রী।

বর্তমানে বাসায় পরিবারের সদস্য ও পোষ্যদের সঙ্গে সময় কাটছে তানিয়া বৃষ্টির। শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাসের বেশি সময়ের চিকিৎসা ইতিমধ্যে শেষ হয়েছে।

কেমোথেরাপির নির্ধারিত সাইকেল শেষ হলে আবারও পর্যালোচনা করা হবে বলে জানান তানিয়া। তখন এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমারের বর্তমান অবস্থা দেখা হবে। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চিকিৎসার কারণে তার ওজন বেড়েছে। এ বিষয়ে তানিয়া বলেন, অনেকেই আগের তুলনায় তার ওজন বেড়ে যাওয়ার বিষয়টি জানতে চান। মূলত দুটি অস্ত্রোপচার এবং চিকিৎসার জন্য খেতে হওয়া কিছু ওষুধের কারণে ওজন বেড়েছে বলে জানান তিনি।

অসুস্থতার কারণে দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকলেও সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তাদের ভালোবাসা তাকে সাহস জুগিয়েছে। তানিয়ার ভাষায়, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা তার পরিবারের মতো। এই মানুষদের তিনি সব সময় মিস করেন। অনেকেই তার খোঁজ নিয়েছেন, দেখতে এসেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। তাদের এসব কথা তাকে মানসিক শক্তি দিয়েছে।

অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই।’

চিকিৎসা চললেও মানসিকভাবে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই আবারও পরিচিত কর্মজগতে ফিরতে চান এই অভিনেত্রী।

মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি নাটকেও নিজের অবস্থান তৈরি করেন। অভিনয় করেছেন সিনেমাতেও।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন