রাজধানীর বাজারে আগাম শীতকালীন সবজি ও মাছের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ইলিশ বিক্রি বন্ধ থাকায় অন্যান্য মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে গত সপ্তাহের তুলনায় মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও এলাকার বাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। মুলার দাম বেড়ে হয়েছে ৬০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ছোট আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা পিস।
গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ১২০ টাকা এবং কাঁচা মরিচের দাম কমে ১০০ থেকে ১২০ টাকায় নেমেছে।
সরবরাহ কমে যাওয়ায় টমেটোর দাম বেড়ে কেজিপ্রতি ২৪০ টাকা হয়েছে। জলপাই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা। দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে সোনালি কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগির দাম ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি।
শাকের মধ্যে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ইলিশ বিক্রি বন্ধ হওয়ার পর অন্যান্য মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বর্তমানে চাষের শিং মাছ আকারভেদে ৩৫০ থেকে ৬০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে হয়েছে ৪০০ থেকে ৫৫০ টাকা। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা এবং বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা এবং কৈ মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে মলা মাছ ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা। দেশি মুরগির ডিমের চারটি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের চারটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ৭:১৩ অপরাহ্ণ