কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। ছবিটি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি অভিনয় ছেড়ে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন এই অভিনেতা? কিন্তু বাস্তব ঘটনা ভিন্ন। পুলিশ কর্মকর্তার পোশাকে জায়েদ খানের এই উপস্থিতি তার নতুন চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এর একটি দৃশ্যের অংশ।
নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশের একজন দক্ষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। এই চরিত্রের প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে কানাডার পুলিশের পোশাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে সিনেমাটির শুটিং ইউনিটে যোগ দিয়েছেন তিনি।
বর্তমানে কানাডার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। সেখানে টানা শুটিং শেষ করে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার।
সংশ্লিষ্ট প্রযোজনা সূত্রের দাবি, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম। ফলে সিনেমাটিতে জায়েদ খানের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে ছবির গল্প, তার চরিত্রের বিস্তারিত কিংবা সিনেমাটির মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।
কানাডার বিভিন্ন স্থানে শুটিংয়ের মাধ্যমে এগিয়ে চলছে সিনেমাটির কাজ। পুলিশের পোশাকে জায়েদ খানের নতুন এই লুক বড় পর্দায় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
কালের আলো/এসকে/এমএসআইপি

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ১১:১৯ পূর্বাহ্ণ