রিকশার মালিকানা নিয়ে অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতা গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৬:১২ অপরাহ্ণ

৭০০–৮০০টি রিকশার মালিক বলে তাঁকে নিয়ে প্রচারণা চালানোকে ‘বিকৃত রুচি, আদর্শহীনতা ও বিবেকবর্জিত’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, সারাদেশের যেকোনো জায়গায় তাঁর নামে একটি রিকশা থাকার প্রমাণ দিতে পারলেই তা যথেষ্ট হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কয়েক দিন ধরে ভুয়া ফটোকার্ড ও একটি উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠীর মাধ্যমে তাঁকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক আদর্শ, চরিত্র ও নৈতিকতা দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এমন প্রচারণায় লিপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, শুরুতে এ ধরনের মিথ্যা প্রচারণা নিয়ে কিছু বলতে চাননি। তবে ঢাকা সিটি করপোরেশনের রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসকও একই তথ্যের ভিত্তিতে কথা বলায় তাঁকে বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু টকশো আলোচকও এসব অসত্য তথ্য নিয়ে আলোচনা করছেন এবং নানা গল্প তৈরি করছেন। তাঁর ভাষ্য, সরকারি দলের ঘনিষ্ঠ হওয়ার প্রত্যাশা কিংবা বিভিন্ন পদ-পদবি ও পদোন্নতির আশায় কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন, যা মানুষের কাছে অরুচিকর ও হাস্যকর মনে হচ্ছে।

পোস্টে গোলাম পরওয়ার বলেন, ‘৭০০–৮০০টি রিকশা লাগবে না, সারা বাংলাদেশের যেকোনো জায়গায়, যেকোনো শহরে আমার নামে একটি রিকশা আছে, এমন প্রমাণও যদি কেউ দিতে পারেন, তা-ই যথেষ্ট।’

সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগ থাকা সত্ত্বেও তাঁর নামে একটি রিকশারও সন্ধান দেওয়া সম্ভব হয়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রচারণা চালানো হলেও তা প্রমাণ করার মতো কোনো তথ্য সামনে আনা হয়নি।

এ ধরনের অপপ্রচার ভবিষ্যৎ প্রজন্ম ও সুস্থ রাজনীতির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা রাজনীতি দিয়ে, আদর্শের মোকাবিলা আদর্শ দিয়ে এবং নৈতিকতার মোকাবিলা নৈতিকতা দিয়ে করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও ফটোকার্ড ব্যবহার করে শুধু তাঁর বিরুদ্ধেই নয়, বিভিন্ন সম্মানিত রাজনৈতিক নেতার নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পাদকীয় নীতি ও জবাবদিহিতার ঘাটতির কারণে সম্মানিত ব্যক্তিদের নিয়ে অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে। এসব প্রচারণায় বিভ্রান্ত না হতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা ও অসত্য প্রচারের বিরুদ্ধে সত্যনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন