পেনসিলভানিয়ায় বন্দুকধারীর তাণ্ডব, শিশুসহ প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ১২:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে একটি বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে প্রবেশ করে হামলা চালান ওই বন্দুকধারী।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টার দিকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, এক ব্যক্তিকে বাড়ির বাইরে গুলি চালাতে দেখেছেন তাঁরা। পরে ওই ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাস্তায় দুই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁদের দুজনেরই গুলিতে মৃত্যু হয়েছিল। এরপর পুলিশ ও বিশেষ কৌশলগত দল বাড়িটি ঘিরে অবস্থান নেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।

পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে আরও সাতজনের মরদেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ। তিনি ঘটনাটিকে তাঁর দেখা সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেন।

পুলিশপ্রধান জানান, সন্দেহভাজন হামলাকারী মারা গেছেন এবং তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। নিহত ব্যক্তিদের পরিবার ও ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান তিনি।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হত্যাকাণ্ডের পরিস্থিতি এবং হামলার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। তবে হামলার আগে কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, এরি শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় নগরবাসীর মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন