ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি, ব্যাংকগুলোকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৬:৩৯ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষায় দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন করতে হবে ব্যাংকগুলোকে। পাশাপাশি প্রতি শনিবার পরিচালনা করতে হবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব ব্যাংককে আগামী তিন মাস বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করতে হবে। এ ছাড়া প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে এসব স্থানে কোথাও পানি জমে আছে কি না, তা খেয়াল রাখতে হবে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিত্যক্ত ফুলের টব, কৌটা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতল এবং পানি জমতে পারে—এমন অন্যান্য পাত্র অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলোর এসব উদ্যোগের মাধ্যমে কর্মস্থল ও গ্রাহকসেবার পরিবেশে এডিস মশার প্রজনন কমানো এবং ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন