বাংলাদেশে বিমানের সংখ্যা ২০০ ছাড়ানোর প্রত্যাশা বিমানমন্ত্রীর

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৮:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশে বিমানের সংখ্যা ২০০টির বেশি হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দেশের নতুন প্রজন্মের বিকাশ ও ভবিষ্যতের চাহিদা বিবেচনায় এ লক্ষ্য অর্জনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়ায় একটি রিসোর্টে সিটি করপোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩৫টি বিমান থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি চান, ভবিষ্যতে দেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাক। নতুন প্রজন্মের উন্নয়ন ও বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমান খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী জানান, ৩৫টি বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিমান দেশে আসতে সময় লাগবে এবং ২০৩১ সাল থেকে সরবরাহ শুরু হয়ে ২০৩৬ সাল পর্যন্ত চলতে পারে। ভবিষ্যতে বর্তমান বিমানগুলোর অনেকগুলো অচল হয়ে পড়তে পারে বিবেচনায় নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিমানবন্দর স্থাপনের দাবি উঠেছে। ত্রিশালের মতো স্থানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। বড় বিমানবন্দর নির্মাণে সময় প্রয়োজন বলেও জানান তিনি।

ময়মনসিংহ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোনার বিরিশিরিতে জাতীয় পর্যায়ে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ময়মনসিংহে শিশুপার্ক নির্মাণ এবং বিভাগের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ ছাড়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন বিমানমন্ত্রী।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থী অংশ নেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন