স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারত্ব ও অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান চিফ হুইপ।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দল। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো কাজে লাগানো হবে। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চায় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হন।
তৃণমূলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংসদ সদস্যদের সম্পৃক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নুরুল ইসলাম মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সংসদ সদস্যরা এ বিষয়ে কাজ করবেন।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে পার পাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি বৈঠকে আলোচনা না হলেও সরকার সচেতন রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে তাঁদের সরিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও সরকারের রয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ১১:৪৪ অপরাহ্ণ