জীবননাশের আশঙ্কা, জিয়াউল আহসানের বিচার চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৭:১৫ অপরাহ্ণ

শতাধিক মানুষকে গুম ও হত্যার মামলায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। নিজের জীবননাশের আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ আদেশ দেওয়া হয়।

প্রসিকিউটর তামীম জানান, জিয়াউল আহসানের মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন তাঁর জেরা বা ক্রস-এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিদিন তাঁকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হলেও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভার্চুয়াল হাজিরার আবেদন করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, জিয়াউল আহসানের পক্ষ থেকে করা আবেদনে কারাগার থেকে প্রিজন ভ্যানে একা যাতায়াতের পরিবর্তে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে যাওয়ার সুযোগ চাওয়া হয়েছিল। তবে এ প্রস্তাবে আপত্তি জানায় প্রসিকিউশন।

প্রসিকিউটর তামীম বলেন, জিয়াউল আহসানের নিরাপত্তা নিয়ে ডিফেন্সের উদ্বেগের সঙ্গে প্রসিকিউশন একমত। তবে একই প্রিজন ভ্যানে অন্য আসামিদের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁদের সবার নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

তিনি আরও জানান, নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন। ফলে এখন থেকে কারাগারে থেকেই ভার্চুয়াল মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন তিনি।

প্রসিকিউটর তামীম বলেন, কারাগারে অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। একইভাবে ট্রাইব্যুনালের এজলাসেও এ কার্যক্রম পরিচালনার সুবিধা আছে। এর মাধ্যমে জিয়াউল আহসান কারাগার থেকে আদালতের কার্যক্রম শুনতে পারবেন এবং তাঁর বক্তব্যও ট্রাইব্যুনালে শোনা যাবে।

মামলাটিতে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় এখন জেরা পর্বের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন