দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সৌদি রাষ্ট্রদূতের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৮:০৩ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দেশটির রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় শোক জানান এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়টি সাক্ষাতে গুরুত্ব পায়।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন