এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল হওয়ার সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৮:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্র এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে সারা দেশে পুলিশ সদস্য নিয়োগের এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

পদের নাম ও বেতন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদটি ১৭তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের অন্যান্য শর্ত পূরণ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায়, ভোকেশনালসহ, উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৫ বা সমমান থাকতে হবে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীও এ শর্তে যোগ্য বলে বিবেচিত হবেন না।

পুরুষ ও নারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

যেভাবে আবেদন করবেন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে হবে অনলাইনে। এ জন্য বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন ও নিয়োগের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে: https://www.police.gov.bd/en/recruitment_information

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ৬৫ টাকা ফি পরিশোধ করতে হবে।

নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্ব

নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনপত্রে ভুল, মিথ্যা বা ভুয়া তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হতে পারে। চাকরিতে যোগদানের পরও তথ্যের অসত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আবেদন করার আগে সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা

নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা পাওয়ার সুযোগ থাকবে।

আবেদনের সময়সীমা

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইন আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন