সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে অংশ নিতে হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি বড় আকার ধারণ করেনি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

কালের আলো/এএএন/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন