রাজধানীতে চার ঘণ্টার ব্লক রেইডে গ্রেফতার ৩৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ১১:২০ পূর্বাহ্ণ

রাজধানীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে চার থানায় বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া চার ঘণ্টার এ অভিযানে ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া থানা এলাকায়। এতে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্য অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেন্ডারিয়া থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, দেশীয় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের আদালতে পাঠানো হবে। অন্যদের ক্ষেত্রে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন