নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ১:৩৬ অপরাহ্ণ

খাদ্যে ভেজাল শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবহৃত ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরীক্ষাগারের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষা করার বিভিন্ন ধাপ দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারের কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানান।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, খাদ্যে ভেজাল প্রতিরোধে দেশের ৬৪ জেলায় নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তাঁরা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভ্যানগুলোর বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন