ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ৪:০১ অপরাহ্ণ

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে চক্রান্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ ছাড়া বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপি নেতারা।

বক্তব্য শেষে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন। পাশাপাশি তাঁর জন্য চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি সেলাই মেশিনও বিতরণ করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন