যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এ প্রত্যাশা তৈরি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা পায়নি বাংলাদেশ। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতির ফলে সরকার আরও অর্থনৈতিক সহায়তা পাওয়ার আশা করছে।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, ঋণ ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। আমদানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ।
বৈঠকে আলোচনার বিষয়গুলোর বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও অর্থমন্ত্রীর বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা উঠে এসেছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ৪:৪৮ অপরাহ্ণ