পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে এবং সেই অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নতুন ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, দেশে ও বিদেশে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তবে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।
রিজভী আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে অসম্মান করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকেও তিনি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।
অসহায় মানুষের পাশে থাকার আহ্বান
রিজভী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বিভিন্ন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। শিগগিরই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ
অনুষ্ঠানে রিজভী একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন এবং চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ৫:২৪ অপরাহ্ণ