কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আবারও দৃশ্যমান হয়েছে রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু। সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়ায় স্থানীয় পর্যটন খাতে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে আসন্ন পূজার ছুটি ও পর্যটন মৌসুমে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সেতুটিতে পর্যটকদের প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এর আগে গত ১১ সেপ্টেম্বর কাপ্তাই হ্রদের পানিতে সেতুটি তলিয়ে গেলে নিরাপত্তার স্বার্থে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো পানির নিচে তলিয়ে যায় সেতুটি। এর আগে ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় সেতুটি পানিতে ডুবে ছিল। গত ১২ অক্টোবর বিকেল থেকে হ্রদের পানি কমতে শুরু করলে সেতুটি আবার দৃশ্যমান হয়। পরে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ঝুলন্ত সেতুর নৌঘাটের টোল আদায়কারী ফখরুল ইসলাম বলেন, এক মাসের বেশি সময় পানির নিচে থাকার পর সেতুটি দৃশ্যমান হয়েছে। সংস্কারকাজ শেষ করে পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে। পূজার ছুটি ও পর্যটন মৌসুমে প্রচুর পর্যটক আসবেন বলে তিনি আশা করছেন।
ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টার ব্যবস্থাপক হাসান আহমেদ সোহেল বলেন, সেতু বন্ধ থাকায় নিষেধাজ্ঞার দিনগুলোতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সেতুর কার্যক্রম বন্ধ থাকলে রাঙামাটির সামগ্রিক পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়ে।
রাঙামাটির অন্যতম পরিচিত পর্যটন স্থাপনা এই ঝুলন্ত সেতুতে প্রতিবছর কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে। তবে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় প্রায়ই সেতুটি তলিয়ে যায়। এতে পর্যটকদের ভ্রমণ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এ পরিস্থিতিতে শুধু সাময়িকভাবে সেতুটি খুলে দেওয়ার পরিবর্তে হ্রদের পানির উচ্চতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পানি সরে যাওয়ায় পর্যটকেরা এখন আগের মতো সেতুটি উপভোগ করতে পারবেন। আসন্ন পূজার ছুটিতে ভালোসংখ্যক পর্যটকের আগমন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

রাঙামাটি সংবাদদাতা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১০:১৯ পূর্বাহ্ণ