সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল হাই। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
দীর্ঘদিন মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। পরে মুন্সিগঞ্জে তাঁর দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ নেতার প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১০:৪৮ পূর্বাহ্ণ