আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের সোনালি আঁশ পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য, বহুমুখী ব্যবহার ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক ও পচনশীল তন্তুর গুরুত্ব তুলে ধরতে সম্মেলনে একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কপ-৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে কপ-৩১-এর কর্মপরিকল্পনা, বাংলাদেশের অগ্রাধিকার এবং সম্মেলনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশগত সহনশীলতা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে পর্যাপ্ত, অনুমেয় ও স্বচ্ছ অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের টেকসই ও প্রাকৃতিকভাবে পচনশীল তন্তু পাটের সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ওপর জোর দেন। সম্মেলনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে জলবায়ু বিশেষজ্ঞরা সম্মেলনের বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রতিনিধিরাও বাংলাদেশের প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক আলোচনায় দেশের অগ্রাধিকার যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে প্রস্তাব দেন। আলোচকরা সম্মেলন-পরবর্তী সময়েও কার্যকর থাকবে—এমন সমন্বিত কৌশল ও বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতালিয়ায় কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল উচ্চপর্যায়ের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবে। এ সময় পাটজাত পণ্য, সংশ্লিষ্ট প্রযুক্তি এবং পাটশিল্পের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের পাটশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১০:৪৯ পূর্বাহ্ণ