জামায়াত-শিবির-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ বজ্র কণ্ঠ’ অর্জন করা যায় না। বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যেও এমন কোনো নেতা নেই, যাঁর বক্তব্যে বিরোধী রাজনীতির সেই তেজস্বী ভাব রয়েছে। তাঁর ভাষ্য, একজন নেতার কণ্ঠে এমন দৃঢ়তা থাকতে হয়, যা জনতার মধ্যে শিহরণ ও উদ্দীপনা সৃষ্টি করে। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিরোধী রাজনীতিতে থাকার সময় নুরের কণ্ঠে যে তেজ দেখা যেত, সরকারে যাওয়ার পর তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত-এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও লেখেন, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে দিতে হবে। নিজেকে নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, নুরকে তিনি কাছ থেকে চেনেন এবং তাঁর রাজনৈতিক দৃঢ়তা সম্পর্কে জানেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’

রাশেদ খাঁনের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া মন্তব্যের ভিত্তিতে প্রকাশিত।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন