মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১১:০২ পূর্বাহ্ণ

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। প্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। সামনের দিকে নিবন্ধন নম্বরের একটি অনুলিপি প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-ল-১১-১২২৯ নম্বরটি উল্লেখ করেছে।

গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন