সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৩:১৯ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগ্রহী নারী প্রার্থীরা শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন। বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের সংগ্রহ করা ফরম যথাযথভাবে পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার মাধ্যমে আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়নপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত মহিলা আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার পর দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপঅনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কালের আলো/এএএন/এমএসআইপি

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন