আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ৪:৩৬ অপরাহ্ণ

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। একই সঙ্গে কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে এসব নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের ভেতরের বিভিন্ন এলাকা, চলাচলের পথ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান তিনি। আবাসিক এলাকার রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই নির্দেশের লক্ষ্য হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। পরিদর্শনের সময় কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা। প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার পরিচ্ছন্নতা ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। আবাসিক এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার বিষয়েও খোঁজ নেন তিনি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন