মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাসমূলক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে একটি নির্বাচনী প্রচার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় মধ্যপ্রাচ্যের মানুষের নাম প্রসঙ্গ টেনে ‘মোহাম্মদ’ নামটি নিয়ে কৌতুক করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের সময় সমাবেশে উপস্থিত লোকজনকে নীরব থাকতে দেখা যায়। তাঁর বক্তব্যের পর সেখানে উপস্থিত ব্যক্তিরা উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘হ্যালো মোহাম্মদ’ বললেই নাম মিলে যাওয়ার দাবি
সমাবেশে ট্রাম্প বলেন, “ধরুন, মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে আপনার সন্দেহ আছে, তাহলে শুধু বলুন ‘মোহাম্মদ’। আপনার ৬৫ শতাংশ সুযোগ আছে নাম মিলে যাওয়ার। শুধু বলবেন, ‘হ্যালো মোহাম্মদ’। আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।”
মুসলিম পরিবারগুলোতে ছেলেশিশুর নামের আগে, মাঝে বা শেষে ‘মোহাম্মদ’ ব্যবহারের প্রচলন রয়েছে। ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামের সঙ্গে মিল রেখেই বহু মুসলিম পরিবার সন্তানের এই নাম রাখে। তবে নামটির ব্যবহার শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিমদের মধ্যেও এটি বহুল প্রচলিত।
ইরানের প্রেসিডেন্ট প্রসঙ্গেও কটাক্ষ
নিজের বক্তব্যে ইরানের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় উপস্থিত কয়েকজনকে ‘মোহাম্মদ’ বলে সম্বোধন করে তাঁদের ইরানের প্রেসিডেন্ট হতে চান কি না, এমন প্রশ্নের মাধ্যমে উপহাস করেন তিনি।
তবে ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার মিল নেই। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২৪ সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই বছরের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মাসুদ পেজেশকিয়ান। ফলে ইরানে প্রেসিডেন্ট পদে কেউ আগ্রহী নন—ট্রাম্পের এমন দাবি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচার সমাবেশ
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে ডালটনে যান ট্রাম্প। নির্বাচনী প্রচারের ওই সমাবেশেই ‘মোহাম্মদ’ নাম নিয়ে তাঁর মন্তব্য সামনে আসে।
কালের আলো/এএইচ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ