ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে ঢাকা।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষদিকে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে বৈঠকটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তাঁকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনজনকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পেতে পারে।
দুই দেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে আসন্ন সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের গতিপথে প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে ভারতের চূড়ান্ত অবস্থান বা সংলাপের ফলাফল এখনো জানা যায়নি।
কালের আলো/এএইচ/এমএসআইপি

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ১১:২২ অপরাহ্ণ