জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য ও প্রস্তাবিত সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালে যাত্রা শুরু জেডআরএফের
জিয়াউর রহমান ফাউন্ডেশন ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে তাঁর ছেলে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বলে সংগঠনটির পরিচিতিমূলক তথ্যে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনটির অন্যতম লক্ষ্য।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই মূলমন্ত্র ও স্লোগান সামনে রেখে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো গরিব ও অসহায় মানুষের কল্যাণে উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে তাদের সহায়তা করা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটির সদস্যরা তাঁদের প্রতি সম্মান জানান। একই সঙ্গে ফাউন্ডেশনের মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরা হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১২:৩৯ অপরাহ্ণ