পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ২:২৪ অপরাহ্ণ

মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এর আগে রোববার রাতে নানা নাটকীয়তার পর সোমবার সকালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

নিজের ঘোষণার ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন ইশরাক হোসেন। সেখানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সকালে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্য ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর পদত্যাগের ঘোষণা নতুন করে আলোচনায় এসেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন