৯ মাসে ডাকাতি-খুন-নারী নির্যাতন কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ডাকাতি, খুন, নারী নির্যাতন, দস্যুতা, শিশু নির্যাতন ও অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এ পরিসংখ্যানে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের সংখ্যার তুলনা করা হয়েছে। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে ডাকাতির ঘটনা ১৫১টি এবং খুনের ঘটনা ২৫৪টি কমেছে। একই সময়ে নারী নির্যাতনের ঘটনা কমেছে ১ হাজার ৮৪টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ডাকাতির ঘটনা কমেছে ১৫১টি।

একই সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে নেমেছে। এতে খুনের ঘটনা কমেছে ২৫৪টি।  নারী নির্যাতনের ক্ষেত্রেও কমতির চিত্র উঠে এসেছে সরকারি পরিসংখ্যানে। গত বছরের প্রথম নয় মাসে নারী নির্যাতনের ঘটনা ছিল ৯ হাজার ২৬২টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৭৮টিতে। অর্থাৎ, এ ধরনের ঘটনা কমেছে ১ হাজার ৮৪টি।

দস্যুতা, দাঙ্গা ও শিশু নির্যাতনও কমেছে

মন্ত্রণালয়ের পরিসংখ্যানে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও কমতির তথ্য দেওয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দস্যুতার ঘটনা ছিল ১ হাজার ৪৮৩টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪টিতে। একই সময়ে দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে ১৭টিতে নেমেছে। শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১টিতে। এ ছাড়া অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে নেমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এসব অপরাধের প্রতিটিতেই গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে কম ঘটনা নথিভুক্ত হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বরেও কমতির চিত্র

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের অপরাধের পরিসংখ্যানেও গত বছরের একই সময়ের তুলনায় বিভিন্ন অপরাধ কমার তথ্য উঠে এসেছে। এ সময়ে ডাকাতির ঘটনা ২০২৫ সালের ১৭১টি থেকে কমে চলতি বছরে ১২৩টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে ৪৬৭টিতে নেমেছে। একই সময়ে খুনের ঘটনা ৯৮০টি থেকে কমে ৮৮১টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া দাঙ্গার ঘটনা ৯টি থেকে কমে ৫টি হয়েছে। চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে ২ হাজার ৫৭৬টিতে নেমেছে। শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮টিতে। অপহরণের ঘটনাও কমেছে। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ঘটনা ছিল ২৯৫টি। চলতি বছরের একই সময়ে তা কমে ২৪২টিতে দাঁড়িয়েছে। এর আগে গত ৮ জুন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে জানিয়েছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন