নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার (১৯ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. আতাউর রহমান খান ২০২৬ সালের ২৫ মে সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তিনি সরকারি কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আতাউর রহমান খান। ওই সময়ে দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব দেন তিনি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন আতাউর রহমান খানের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলো।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৪:৪৬ অপরাহ্ণ