শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে রাজধানীর মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলবে বিকেল থেকে। ছুটির দিনগুলোতে যাত্রীচাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমন্বয় করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
ডিএমটিসিএলের সূচি অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই সূচি নির্ধারণ করা হয়েছে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রেন চলাচলের বিরতি প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে।
২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন থাকবে। ওই দিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে। ফলে শুক্রবার যাতায়াতের পরিকল্পনা করা যাত্রীদের মেট্রোরেলে ওঠার আগে নির্ধারিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পূজার ছুটিতে যাত্রীদের চাপ সামলাতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। যাত্রীচাহিদা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালানো হবে। এতে পরিস্থিতি বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা সম্ভব হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৭:৩৪ অপরাহ্ণ